মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৪ হাজার ৮০০ বাংলাদেশির ইউএই ভিসা বাতিল, বিপাকে প্রবাসীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি প্রতারণা করছে: আজহার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু ইস্যু, কপে পাটের গুরুত্ব তুলে ধরবে বাংলাদেশ ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সারের চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সরবরাহ প্রস্তুত সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১১.৪২ শতাংশ ডাকসু সংগ্রহশালায় পরিবর্তন নিয়ে শিক্ষক নেটওয়ার্কের প্রশ্ন, তদন্তের দাবি
  • অনলাইন জুয়ার বিরুদ্ধে চমকের সচেতনতামূলক ভিডিও, প্রশংসায় নেটিজেনরা

    অনলাইন জুয়ার বিরুদ্ধে চমকের সচেতনতামূলক ভিডিও, প্রশংসায় নেটিজেনরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনলাইন জুয়ার ভয়াবহতা ও এর নেতিবাচক প্রভাব নিয়ে সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ভিডিওতে অনলাইন বেটিংয়ের আর্থিক ক্ষতি, পারিবারিক সংকট ও মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব তুলে ধরে তরুণদের এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে চমক অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়া এক যুবকের অভিজ্ঞতার উদাহরণ তুলে ধরেন। ‘শিহাব’ নামের ওই যুবক সহজে আয় করার আশায় মাত্র ১ হাজার টাকা দিয়ে বেটিং শুরু করেছিলেন বলে ভিডিওতে জানানো হয়। পরে জমা টাকা তোলা এবং হারানো অর্থ ফেরত পাওয়ার আশায় স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে শেষ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা হারানোর দাবি করা হয়।

    ভিডিওতে জেনারেল ইকোনমিক্স ডিভিশনের (জিইডি) ২০২৬ সালের একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে চমক দাবি করেন, বাংলাদেশে বর্তমানে ৫০ লাখের বেশি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত। কার্যকর পদক্ষেপ না নিলে ২০২৭ সালের মধ্যে এ সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যেতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

    চমকের উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে অনলাইন জুয়ার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩০ কোটি টাকা। এ ছাড়া ২০২৬ সালে ডিবির একটি তদন্তে একটি জুয়াড়ি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে বলেও ভিডিওতে উল্লেখ করা হয়।

    অনলাইন জুয়ার প্রভাব শুধু অর্থনৈতিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয় উল্লেখ করে চমক এটিকে জনস্বাস্থ্য ও পারিবারিক সমস্যার সঙ্গেও যুক্ত করেন। বিশ্ব স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের উল্লেখ করে তিনি বলেন, জুয়ার কারণে বিশ্বজুড়ে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ শারীরিক ও মানসিক ক্ষতির মুখে পড়ছেন। এর সঙ্গে আত্মহানির ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

    ভিডিওতে বেটিং অ্যাপের প্রচারণা না করার জন্য দেশের তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের প্রতিও আহ্বান জানান চমক। সামান্য অর্থের বিনিময়ে এসব প্ল্যাটফর্মের প্রচারণা চালানোর মাধ্যমে তরুণদের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে উৎসাহিত না করার অনুরোধ করেন তিনি।

    চমক আরও দাবি করেন, ‘সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স ২০২৫’-এর ২০ নম্বর ধারায় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা বা এর প্রচারণাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    সবশেষে তরুণদের সহজে অর্থ উপার্জনের আশায় অনলাইন জুয়ায় না জড়িয়ে নিজেদের শিক্ষা, কাজ ও দক্ষতার ওপর নির্ভর করার আহ্বান জানান অভিনেত্রী। তার মতে, স্বল্প সময়ে লাভের আশায় বেটিংয়ে জড়িয়ে পড়ার পরিবর্তে দীর্ঘমেয়াদি ও বৈধ উপায়ে নিজের ভবিষ্যৎ গড়ে তোলাই নিরাপদ পথ।

    ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চমকের উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। নেটিজেনদের একাংশের মতে, অনলাইন জুয়ার ক্ষতিকর দিক নিয়ে তারকারা সচেতনতামূলক বার্তা দিলে তরুণদের মধ্যে এ বিষয়ে সচেতনতা আরও বাড়তে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন