গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি প্রতারণা করছে: আজহার

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। গণভোটের শপথ না নিয়ে তারা জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবি বারবার জানানো হলেও বিএনপি নানা অজুহাতে তা বাস্তবায়ন করছে না। এ দাবিতে সংসদ থেকে ওয়াকআউট করেও প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু এরপরও বিষয়টি আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
আজহারুল ইসলাম বলেন, এ কারণেই ১১ দলীয় জোট রাজপথে কর্মসূচি দিয়েছে। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে রংপুর লংমার্চ করা হবে। সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়ার জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।