পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন

পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ, উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন তদারকি এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্য ১৯ সদস্যের ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’ পুনর্গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কমিটির সভাপতি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে ৯ জন মন্ত্রী ও উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক সদস্য হিসেবে থাকবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান সমন্বয়ককে প্রধান সমন্বয়ক এবং ডিজিএফআই মহাপরিচালককে সদস্য-সচিব করা হয়েছে।
কমিটি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ, আয়-ব্যয় ও বাস্তবায়ন তদারকি এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যপরিধি সমন্বয় করবে। পাশাপাশি অঞ্চলটির সার্বিক উন্নয়নে জাতীয় কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে। কমিটির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।