সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

র‍্যামন ম্যাগসাইসাইয়ের ২০২৬ পুরস্কার পেলেন রুনা খান

র‍্যামন ম্যাগসাইসাইয়ের ২০২৬ পুরস্কার পেলেন রুনা খান
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান ২০২৬ সালের মর্যাদাপূর্ণ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হয়েছেন। এশিয়ার নোবেল হিসেবে পরিচিত এই পুরস্কারে এবার রুনা খানের সঙ্গে আরও দুজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক অনুষ্ঠানে ২০২৬ সালের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।

এ বছরের অন্য দুই বিজয়ী হলেন সিঙ্গাপুরের কূটনীতিক ও আইনজ্ঞ টমি কোহ এবং মিয়ানমারের মানবাধিকারকর্মী বো চি।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের মানুষের কল্যাণে কাজ করা, বিভিন্ন সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ তৈরি এবং মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে সহায়তার মতো মূল্যবোধকে সামনে রেখে এ বছরের বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

রুনা খানের স্বীকৃতি

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা হিসেবে রুনা খান দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকার সুযোগ তৈরিতে কাজ করে আসছেন। তার নেতৃত্বে ফ্রেন্ডশিপ দেশের নদী ও চরাঞ্চলসহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারের মাধ্যমে এ ধরনের সামাজিক উদ্যোগ ও মানুষের ক্ষমতায়নে তার অবদান আন্তর্জাতিক স্বীকৃতি পেল।

ম্যাগসাইসাই পুরস্কারের ইতিহাস

ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। ১৯৫৭ সালের ১৭ মার্চ একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। একই বছর প্রতিষ্ঠিত হয় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। পরের বছর, ১৯৫৮ সালে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়।

প্রতি বছর ৩১ আগস্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিনে ম্যানিলা থেকে নতুন বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর তার ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের পুরস্কারজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে।

এবারের ঘোষণা দিয়ে র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারের ৬৮তম আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এবারের আয়োজনের সমাপ্তি হবে।

পুরস্কারের বিভাগে পরিবর্তন

২০০৮ সাল পর্যন্ত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার ছয়টি নির্দিষ্ট বিভাগে দেওয়া হতো। বিভাগগুলো ছিল সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা-সাহিত্য-সৃজনশীল যোগাযোগকলা, শান্তি ও আন্তর্জাতিক বোঝাপড়া এবং উদীয়মান নেতৃত্ব।

এর মধ্যে ‘উদীয়মান নেতৃত্ব’ বিভাগটি চালু করা হয় ২০০০ সালে। ফোর্ড ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই বিভাগে পুরস্কার দেওয়ার কার্যক্রম শুরু হয়েছিল।

তবে ২০০৯ সাল থেকে ‘উদীয়মান নেতৃত্ব’ বিভাগ ছাড়া অন্য কোনো নির্দিষ্ট শ্রেণির মধ্যে পুরস্কার সীমাবদ্ধ রাখা হয়নি। এরপর থেকে এশিয়ায় মানুষের কল্যাণ ও সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সামগ্রিকভাবে এই সম্মাননা দেওয়া হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন