বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকালে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে না। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না। বকেয়া বেতন পরিশোধ এবং দাবি বাস্তবায়নের জন্য একাধিকবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকরা।
বিক্ষোভরত শ্রমিকরা বলেন, দ্রুত বকেয়া বেতন পরিশোধসহ তাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ শুরু করে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।