শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় পদক্ষেপ: ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় পদক্ষেপ: ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

নতুন ভবন চালুর মধ্য দিয়ে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা ৫০০ থেকে বেড়ে ১ হাজারে উন্নীত হয়েছে। ফলে দেশের নিউরো রোগীদের জন্য চিকিৎসাসেবা ও শয্যাসুবিধা আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

১৫ তলাবিশিষ্ট নতুন ভবনটির নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন সার্ভিস সেকশনের ব্যবস্থা রয়েছে। ভবনের ওপরের ১২ তলায় রয়েছে রোগীদের জন্য ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট।

নতুন ভবনে ৪০টি আইসিইউ শয্যা, ২৪টি পোস্ট-অপারেটিভ শয্যা এবং ১১২টি কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে জটিল নিউরোলজিক্যাল ও নিউরোসার্জারি রোগীদের চিকিৎসায় হাসপাতালটির সক্ষমতা আরও বাড়বে।

দেশে নিউরো রোগীদের আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দীর্ঘদিন পর হাসপাতালের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন হলো বেগম খালেদা জিয়ার জন্মদিনে। তাঁর পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ ভবনের উদ্বোধন করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন