যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) যশোরের ধুমধুমপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকেই ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তাকে চট্টগ্রামে এনে বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অপরাধ জগতের পরিচিত নাম। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময় তাকে ধরতে অভিযান চালানো হলেও তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে চলমান অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।