ভুল তথ্য ও এআই কনটেন্টে সতর্কতা, গণমাধ্যমের প্রতি তথ্য অধিদপ্তরের কড়া বার্তা

ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ না করতে নিবন্ধিত গণমাধ্যমগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে তথ্য অধিদপ্তর। একই সঙ্গে যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই ও ফ্যাক্ট-চেক নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য অধিদপ্তর জানায়, সাম্প্রতিক সময়ে কিছু সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই ভুল তথ্য, অপতথ্য এবং এআই-নির্ভর বিভ্রান্তিকর ছবি ও কনটেন্ট প্রকাশ করছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা প্রশ্নের মুখে পড়ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে কয়েকটি গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশের বিষয়টি স্বীকার করে সংশোধনী ও দুঃখ প্রকাশ করেছে। তবে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখা প্রতিটি গণমাধ্যমের অপরিহার্য দায়িত্ব।
তথ্য অধিদপ্তরের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অনির্ভরযোগ্য উৎসের তথ্যকে ভিত্তি করে সংবাদ প্রকাশের প্রবণতা বাড়ছে। এর ফলে অপতথ্য ও বিকৃত তথ্য মূলধারার সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে ফ্যাক্ট-চেক প্রক্রিয়াকে আরও কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বেনামি, ভুয়া বা অনিবন্ধিত কোনো প্ল্যাটফর্মকে সংবাদসূত্র হিসেবে ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।
তথ্য অধিদপ্তর দেশের সব নিবন্ধিত সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে তাদের নিবন্ধন ও ডিক্লারেশনের শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছে।