শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বৃষ্টিতে ভেজার পর এক কাপ ভেষজ চা, দূরে থাকবে ঠান্ডা-কাশি

বৃষ্টিতে ভেজার পর এক কাপ ভেষজ চা, দূরে থাকবে ঠান্ডা-কাশি
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বর্ষার দিনে হঠাৎ বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা অনেকের কাছেই আনন্দের। তবে এই আনন্দের পরই দেখা দিতে পারে ঠান্ডা, সর্দি, কাশি কিংবা গলাব্যথার মতো সমস্যা। বৃষ্টিতে ভেজার কারণে শরীরের তাপমাত্রা কমে গেলে রোগ প্রতিরোধক্ষমতাও সাময়িকভাবে দুর্বল হয়ে পড়তে পারে। তাই এমন সময়ে শরীরকে উষ্ণ রাখতে এবং সুস্থ থাকতে ভেষজ চা হতে পারে একটি সহজ ও উপকারী পানীয়।

ভেষজ চা বা হার্বাল টি সাধারণ চায়ের মতো চা-পাতা দিয়ে তৈরি হয় না। বিভিন্ন ভেষজ, মসলা, শুকনো ফুল, ফল বা বীজ ফুটিয়ে এই পানীয় তৈরি করা হয়। এসব উপাদানের প্রাকৃতিক গুণ শরীরকে উষ্ণ রাখতে, হজমে সহায়তা করতে এবং মৌসুমি অস্বস্তি কমাতে ভূমিকা রাখতে পারে।

আদা চা

বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পর এক কাপ গরম আদা চা শরীরকে দ্রুত উষ্ণতা দিতে সাহায্য করে। আদায় থাকা জিঞ্জেরল উপাদান হজমে সহায়ক এবং বমিভাব ও গ্যাস্ট্রিকের অস্বস্তি কমাতে কার্যকর। পাশাপাশি এটি শরীরে রক্তসঞ্চালন বাড়িয়ে সতেজ অনুভূতি এনে দেয়।

হলুদ চা

হলুদে থাকা কারকিউমিন প্রদাহ কমাতে এবং শরীরের কোষকে সুরক্ষা দিতে সহায়ক। বৃষ্টিতে ভিজে শরীরে ব্যথা বা ক্লান্তি অনুভব হলে হলুদ চা উপকারী হতে পারে। এর কার্যকারিতা বাড়াতে সামান্য গোলমরিচ বা আদা মিশিয়ে পান করা যেতে পারে।

মৌরি চা

মৌরির বীজ দিয়ে তৈরি এই চা হজমে সহায়তা করে এবং গ্যাস বা পেট ফাঁপার সমস্যা কমাতে সাহায্য করে। ঠান্ডাজনিত কফ পরিষ্কার করতেও এটি কিছুটা উপকারী হতে পারে।

যষ্টিমধু চা

গলাব্যথা বা গলা খুসখুস করলে যষ্টিমধুর চা আরাম দিতে পারে। এতে থাকা গ্লাইসিরাইজিন গলার অস্বস্তি কমাতে সহায়ক। তবে উচ্চ রক্তচাপের রোগীদের নিয়মিত এটি পান না করাই ভালো এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পেপারমিন্ট চা

পুদিনা পাতার পেপারমিন্ট চা শরীর ও মনকে সতেজ করে। এতে থাকা মেন্থল পেটের অস্বস্তি কমাতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। বৃষ্টিতে ভিজে আসার পর এর সুগন্ধও প্রশান্তি এনে দেয়।

ব্ল্যাক টি বা রং চা

ভেষজ উপাদান না থাকলে এক কাপ গরম রং চাও হতে পারে ভালো বিকল্প। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী এবং ক্যাফেইন দ্রুত ক্লান্তি দূর করে কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।

বর্ষাকালে সুস্থ থাকতে শুধু ভেষজ চা নয়, ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করা, শরীর শুকিয়ে নেওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে পরিমিত পরিমাণে এসব পানীয় গ্রহণ শরীরকে মৌসুমি অসুস্থতা মোকাবিলায় সহায়তা করতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন