সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আব্দুল হাই সিকদার

বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সোনালী কাবিন পদক-২০২৬’ পাচ্ছেন প্রখ্যাত কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার। আগামী ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী ‘কবি আল মাহমুদ স্মরণোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেওয়া হবে।
রোববার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি লিখিত বক্তব্যে পদকপ্রাপ্তের নাম ঘোষণা করেন। এ সময় পরিষদের সভাপতি মো. ইব্রাহিম সাদাত ও সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কবি আল মাহমুদের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ৯ থেকে ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
৯ জুলাই সকালে কবির কবর জিয়ারতের মধ্য দিয়ে স্মরণোৎসবের উদ্বোধন হবে। পরে নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
১০ জুলাই দিনব্যাপী কবি আল মাহমুদের গদ্য ও কবিতা নিয়ে আলোচনা সভা, গবেষণা উপস্থাপনা এবং বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উৎসবের শেষ দিন ১১ জুলাই সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামল। অনুষ্ঠানে তিনি কবি আব্দুল হাই সিকদারের হাতে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ তুলে দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই স্মরণোৎসবের মাধ্যমে কবি আল মাহমুদের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে যাবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিসেবীরা অংশ নেবেন।