সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

গণমাধ্যমকে দায়িত্বশীল করতে নীতিমালা ও কমিশনের ওপর জোর তথ্যমন্ত্রীর

গণমাধ্যমকে দায়িত্বশীল করতে নীতিমালা ও কমিশনের ওপর জোর তথ্যমন্ত্রীর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল অবস্থানে নিতে হলে কার্যকর নীতিমালা প্রণয়ন জরুরি। তাঁর মতে, গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করলে রাষ্ট্র ও ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত হয় এবং এর সুফল ভোগ করে সাধারণ মানুষ। এ জন্য তথ্য মন্ত্রণালয়কে দিকনির্দেশনা দিতে একটি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরাম থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদপত্রের ‘কালো দিবস’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি মো. শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলা ভিশনের প্রধান সম্পাদক আব্দুল হাই সিদ্দিকসহ অনেকে।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের চতুর্থ সংশোধনীর সময় একদলীয় শাসনব্যবস্থার প্রভাবে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে বর্তমান সময়ের পরিস্থিতি ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, এখন সরকার গণমাধ্যমের সমস্যার সমাধানে অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী।

তিনি আরও বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ভুয়া ও বিকৃত তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে আরও জটিল আকার ধারণ করেছে। তাই নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

গণমাধ্যম ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু স্বাধীনতা দিলেই হবে না; মালিকপক্ষকে সাংবাদিকদের ন্যায্য বেতন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

তিনি জানান, গণমাধ্যমের সমস্যা সমাধানে একটি জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে আগামী ১৮ জুন অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সাংবাদিক সংগঠন ও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি কার্যকর কাঠামো তৈরির কথাও তিনি উল্লেখ করেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ অতীতের চেয়ে ভিন্ন এবং ডিজিটাল যুগের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে প্রিন্ট, ডিজিটাল ও স্যাটেলাইট মিডিয়াকে সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে হবে। একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন করা গেলে তা দেশের গণমাধ্যম ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলেও তিনি মন্তব্য করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ