কলাগাছ ও সবজি বর্জ্য থেকে নতুন পণ্য উদ্ভাবন, তরুণকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

পরিত্যক্ত সবজি ও কলাগাছের তন্তু ব্যবহার করে পরিবেশবান্ধব পলিথিন, টাইলস ও ঢেউটিন উদ্ভাবন করে আলোচনায় এসেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম। তার এই উদ্ভাবনী কাজের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা অর্জন করেছেন।
রোববার (১৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সাক্ষাৎকারে তিনি তার গবেষণা ও উদ্ভাবন তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী তার কাজের প্রতি সন্তোষ প্রকাশ করে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাজ্জাদুল ইসলাম শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের মোহাজেরাবাদ এলাকার কৃষক মো. নজরুল ইসলাম ও সাহেরা খাতুনের সন্তান। তিনি ২০২৫ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি সম্পন্ন করেন।
তিনি জানান, প্রায় দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগাযোগ করা হয় এবং তার গবেষণা সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত ছিলেন। এরপর তিনি ও তার বাবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তার গবেষণার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তার গবেষণা চালিয়ে যেতে উৎসাহ ও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া তার স্টার্টআপ কার্যক্রমের জন্য ফান্ডিং ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইসিটি বিষয়ক উপদেষ্টা রিহান আসিফ আসাদকে।
তিনি আরও জানান, তাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে যুক্ত করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও ইকো-ফাইবার কোম্পানি পরিদর্শনের সুযোগও দেওয়া হবে।
সাজ্জাদুল ইসলাম দাবি করেন, কলাগাছের তন্তু, পরিত্যক্ত সবজি ও অন্যান্য বর্জ্য থেকে পচনযোগ্য পলিথিন, টাইলস, প্লাস্টিক বিকল্পসহ বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য তৈরি সম্ভব। এমনকি এগুলো দিয়ে বুলেটপ্রুফ দরজা-জানালার মতো উন্নত প্রযুক্তির পণ্যও তৈরি করা যেতে পারে বলে তিনি জানান।