মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) সকালে ঘুমধুম ইউনিয়নের সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পরপরই এলাকায় বিকট শব্দ শোনা যায় এবং তিনজন আহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা দেয়। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে দুপুর আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহতরা হলেন— লেয়ারা (৪১), অংকেমং (৫০) এবং চিংকা অং (৪০)। তারা সবাই নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে তারা সীমান্তসংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, আগে থেকে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কীভাবে ওই এলাকায় মাইন স্থাপন করা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তের বিভিন্ন এলাকায় অজ্ঞাত বিস্ফোরক ও মাইন থাকার গুঞ্জন রয়েছে, ফলে সাধারণ মানুষ চরম উদ্বেগের মধ্যে রয়েছে। বিশেষ করে সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকা ও কৃষিজমিতে চলাচল নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুমধুম সীমান্তে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন