কিছু গোষ্ঠী বিতাড়িতদের সঙ্গে তলে তলে সম্পর্ক গড়ে তুলেছে: তারেক রহমান

দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালের বৈলর ইউনিয়নে ‘ধরার খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। রাস্তা-ঘাট ও যান চলাচল বন্ধ করে দিয়ে জনজীবনে ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে, যা আইনশৃঙ্খলা ও আইনের শাসনের পরিপন্থী। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, ৫ আগস্টের ঘটনায় যারা দেশ থেকে বিতাড়িত হয়েছিল, তারা এখন আবার কিছু গোষ্ঠীর সঙ্গে মিলেমিশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি এটিকে অতীতের রাজনৈতিক আঁতাতের পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, যারা বর্তমান পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারা সরকারের উন্নয়নমূলক কর্মসূচি—যেমন কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড—নিয়ে কোনো আলোচনা করছে না। এ ধরনের অস্থিতিশীলতা গ্রামীণ জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি সতর্ক করেন।
জনগণের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষের শক্তিকে কাজে লাগাতে হবে এবং দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। তার মতে, জনগণের ৪০ কোটি হাতকে উৎপাদন ও উন্নয়ন কাজে যুক্ত করলেই দেশের বাস্তব পরিবর্তন সম্ভব হবে।