চাঁদপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে খাদিজা আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত খাদিজা ওই গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর হোসেনের কন্যা।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে খাদিজাকে বাড়িতে রেখে তার মা ব্যক্তিগত কাজে বাইরে যান। সন্ধ্যা প্রায় ৬টার দিকে বাড়ি ফিরে তিনি মেয়েকে নিজ বসতঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। স্থানীয় ইউপি সদস্য মো. শাহআলম জানান, খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”