মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ফরিদগঞ্জের লাউতলী স্বাস্থ্যকেন্দ্র অচল, দুর্ভোগে ২৫ হাজার মানুষ

ফরিদগঞ্জের লাউতলী স্বাস্থ্যকেন্দ্র অচল, দুর্ভোগে ২৫ হাজার মানুষ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন যেন নিজেই অসুস্থ হয়ে ধুঁকছে। ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা হিসেবে ২০০৫ সালে যাত্রা শুরু করলেও, বর্তমানে এটি কার্যত একটি পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। দীর্ঘ তিন বছর ধরে জনবল, ওষুধ এবং বিদ্যুৎ-সংযোগবিহীন অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে মৌলিক স্বাস্থ্যসেবা থেকে।

বর্তমানে কেন্দ্রটিতে মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট ও পিয়নের মতো গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য। জনবল সংকটের সুযোগে নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে পড়েছে। দরজা-জানালা ভেঙে চুরি হয়েছে বৈদ্যুতিক পাখা ও পানির মোটরসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র। শৌচাগার ব্যবহারের অনুপযোগী এবং পানিশূন্য এই ভবনটি এখন রাতের আঁধারে মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।

দীর্ঘ তিন বছর ধরে স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি), প্রসূতি সেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ও সাধারণ চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ। নিরুপায় হয়ে স্থানীয়রা হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন অথবা জরুরি প্রয়োজনে প্রায় ১০ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বাধ্য হচ্ছেন। ভাঙাচোরা সড়ক পেরিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে দরিদ্র রোগীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় ভোগান্তি।

১০৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা বশির উল্যা মিজি আক্ষেপ করে বলেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে এই কেন্দ্রটি গড়ে তুলেছিলাম, অথচ এখন এখানে ডাক্তার-ওষুধ কিছুই নেই।’ একই অভিযোগ করে আজগর আলী (৭০) বলেন, ‘হাসপাতাল নিজেই অসুস্থ, সেবা দেবে কে? খাতা-কলমে থাকলেও বাস্তবে এটি এখন কেবলই একটি মাদক ও চুরির আখড়া।’

ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মেহেদী হাসান জানান, কেন্দ্রের বর্তমান সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ দ্রুত কেন্দ্রটি সচল করার দাবি জানিয়ে বলেন, ‘সেবাবঞ্চিত মানুষের মা ও শিশুমৃত্যুর ঝুঁকি বাড়ছে, এটি প্রশাসনিক অবহেলা।’

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘লাউতলী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিস্থিতি শুনে খারাপ লেগেছে। বিষয়টি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার বিভাগের এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর দেখে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সহযোগিতার প্রয়োজন হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

​ফরিদগঞ্জ থানার (এসআই) জাকির হোসেন জানান, হাসপাতালটিতে চুরির ঘটনায় তদন্ত চলছে এবং অসামাজিক কর্মকাণ্ড রোধে দ্রুত
আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি আবার কার্যকর করে তোলা হোক।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন