যশোর জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান। তিনি জানান, বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন এবং বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাতে শহরের খালধার রোডের নিজ বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী শহরের ২৬১/১ লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানিয়েছে, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক শীর্ষ নেতা আত্মগোপনে চলে গেলেও মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।