মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

উখিয়ায় ছাত্রদল নেতার স্ট্যাটাসে রিয়েক্টকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত নারী

উখিয়ায় ছাত্রদল নেতার স্ট্যাটাসে রিয়েক্টকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত নারী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, বিএনপি ও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন নেতাকর্মীর মারধরের কারণে তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় অভিযোগ দিলেও মামলা হয়নি। এরপর থেকেই এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।

ঘটনার দিন স্থানীয় ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেন ছাত্রলীগ নেতা ইউনুস। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ইউনুসকে মারধর শুরু করেন বলে অভিযোগ ওঠে। তাকে রক্ষা করতে এগিয়ে যান এনজিওকর্মী এসএম ইমরান। পরে তাকেও মারধর করা হয়।

একপর্যায়ে খবর পেয়ে ইমরানের মা ছৈয়দা বেগম ঘটনাস্থলে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও মারধর করা হয় বলে পরিবারের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ছৈয়দা বেগম স্থানীয় বাসিন্দা সাব্বির আহমদের স্ত্রী।

হাসপাতালে নিহতের স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা মিজান সিকদার, আব্দুল করিম, আকাশ, সাইফুল সিকদার, ছৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, ছালাম সিকদার, ছাত্রদল নেতা জিসান এবং অ্যাম্বুলেন্সচালক শামসুল আলমের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

এদিকে, ছাত্রলীগ নেতা ইউনুসকে মারধরের পর পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে পুলিশের কাছে তুলে দেন বিএনপি নেতাকর্মীরা। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্তরা সংবাদ সম্মেলন করে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। একইসঙ্গে তারা দুঃখ প্রকাশ করে নিজেদের নির্দোষ দাবি করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন