ফরিদগঞ্জে দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নগদ সহায়তা বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এপেক্স মনির হোসেন (এলএলবি)-এর পক্ষ থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন বিদ্যাপীঠের মিলনায়তনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
মাদ্রাসার সুপার মুফতি আখতার হোসেন সাদেকীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি এবং দৈনিক ইলশেপাড় পত্রিকার সহকারী সম্পাদক এপেক্স মনির হোসেন (এলএলবি)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উপজেলা সদর থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও এই প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। যারা অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও ভালো ফলাফলের মাধ্যমেই তাদের সেই ত্যাগ সার্থক হবে।”
সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “বর্তমান সমাজে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো ব্যাধিগুলো আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে আদর্শ মানুষ হতে হবে। তবেই জীবনের প্রকৃত সার্থকতা আসবে।”
নবনির্বাচিত সভাপতি আশ্বাস দেন যে, যেসব শিক্ষার্থী এবার সহায়তার আওতায় আসতে পারেনি, ভবিষ্যতে তাদেরও সহযোগিতা করা হবে। পাশাপাশি মাদ্রাসায় সর্বোচ্চ উপস্থিতি এবং ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি। সেই সাথে বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় মোল্লা ডেভেলপমেন্ট গ্রুপের চেয়ারম্যান, মাদ্রাসার সাবেক সফল সভাপতি ও সৌদি আরবের দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফারুক মোল্লা রিপন এবং দাতা সদস্য তরুণ সমাজসেবক মাহবুব মোল্লা সোহাগসহ সংশ্লিষ্ট সকল শুভানুধ্যায়ীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পুলিশ পরিদর্শক মাসুম হোসেন, অতিরিক্ত পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম ও তোফায়েল আহমেদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বিশিষ্ট সমাজসেবক ও মাদ্রাসার সাবেক বিদ্যোৎসাহী সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ মিয়াজী, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী মোল্লা, নবনির্বাচিত অভিভাবক সদস্য কবির হোসেন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।