মাদক গ্রহণে বাধা দেওয়ায় বাবাকে হত্যা করার অভিযোগ

মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাতে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আহমদ ডিলার (৭০)। তিনি ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ইব্রাহীম মাদকাসক্ত ছিল এবং নারী পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। পরিবারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, এ সময় ক্ষিপ্ত হয়ে ছেলে তার বাবাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে অভিযুক্ত মিলনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম জানান, বাবাকে হত্যার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।