ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালগুলোকে দালাল ও স্বৈরাচারের দোসরমুক্ত করার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার সরকারি হাসপাতালগুলোকে স্বৈরাচারের দোসর এবং দালালচক্রের প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। মঙ্গলবার ১২ই মে দুপুরে শহরের ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হাম ক্যাম্পেইন পরবর্তী পর্যালোচনা সভা এবং বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি হাসপাতাল এখনো স্বৈরাচারের দোসরদের নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতালগুলোর জনবল নিয়োগের আউটসোর্সিং টেন্ডারও এখনো তাদের কব্জায় রয়ে গেছে। তিনি বলেন স্বাস্থ্য খাতকে এসব দখলদারিত্ব থেকে মুক্ত করতে হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এসব দোসরদের দ্রুত অপসারণে জেলা সিভিল সার্জনের প্রতি আহ্বান জানান।
বিগত দিনের নানা হয়রানির প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, স্বৈরাচারীদের আর এই ক্যাম্পাসে দেখতে চায় না সাধারণ মানুষ। চাকরিজীবীদের বদলির নামে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে; যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে ভালো পদায়ন পাননি। তিনি জোর দিয়ে বলেন, “রাইট ম্যান; রাইট পজিশন” নিশ্চিত করতে হবে। পাশাপাশি জেলা সদর হাসপাতালকে সর্বপ্রথম দালালমুক্ত করার দাবি জানান তিনি। স্বাস্থ্য খাতকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছিল বলেও উল্লেখ করেন সিরাজুল ইসলাম সিরাজ। তবে স্বাস্থ্যকর্মীদের নিরলস সেবার কারণে সেই চক্রান্ত সফল হয়নি বলেও জানান তিনি।
মোশাররফ হোসেন বাবুলের সভাপতিত্বে এবং বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক — মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নোমান মিয়া। প্রধান বক্তা ছিলেন ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ মকবুল হোসেন এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির কেন্দ্রীয় পরিষদের মহাসচিব — মোহাম্মদ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — জেলা বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোঃ আক্তার হোসেন ও ডা. মোহাম্মদ হিমেল খান, ইউএইচএন্ডএফপিও অ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সুমন ভূইয়া.,সরাইলের ইউএইচএন্ডএফপিও ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন,বাঞ্ছারামপুরের ইউএইচএন্ডএফপিও ডা. রঞ্জন বর্মন এবং সদর উপজেলার ইউএইচএন্ডএফপিও ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক — আসাদুজ্জামান শাহীন... পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি তানিয়া আক্তার ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধণা অনুষ্ঠান শেষে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন বাবুলকে সভাপতি এবং নবীনগর উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক জসীমউদ্দীন খন্দকারকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। খুব শিগ্রই এই কমিটির মাধ্যমে জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
এই কমিটি ঘোষনা করেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির কেন্দ্রীয় পরিষদের মহাসচিব —মোহাম্মদ জামাল উদ্দিন।