মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

২. রাউজানে আগুনে পুড়ল ছয়টি ঘর, প্রাণ গেল ৭ গরুর

২. রাউজানে আগুনে পুড়ল ছয়টি ঘর, প্রাণ গেল ৭ গরুর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি গরুসহ ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মঙ্গলখালী গ্রামের নোয়া মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন একই বাড়ির আবুল কালাম, সামশুল আলম, ফজলুর রহমান, আবদুর রহমান, হাবিবুর রহমান ও আবু তাহের। আগুনে আবুল কালামের কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা দুটি গরুসহ মোট ৭টি গরু পুড়ে মারা যায়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আবুল কালাম জানান, কোরবানির জন্য প্রস্তুত করা দুটি গরুসহ মোট সাতটি গরুই আগুনে পুড়ে গেছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। তিনি বলেন, “ঘর থেকে শুধু একটি লুঙ্গি ও গেঞ্জি বের করতে পেরেছি, বাকি সবই পুড়ে গেছে। একটি বাছুর জীবিত উদ্ধার করা গেছে।”

রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুল আলম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ঘর ও গরুগুলো পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন