শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। তাদের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আব্দুল কাদের তার স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে ওই একতলা ভবনের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দরজা-জানালা ভেঙে যায় এবং পরিবারের সদস্যরা দগ্ধ অবস্থায় বাইরে বের হয়ে আসেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাস লিকেজ অথবা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে মেহেদী ও রাকিবের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে চারজনই গুরুতর অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন