দরজা-জানালাহীন আবহাওয়া অফিস, ধুঁকছে কার্যক্রম

জরাজীর্ণ ভবন, ভাঙা সীমানাপ্রাচীর এবং কার্যালয় এলাকায় মাদকসেবীদের অবাধ যাতায়াত—সব মিলিয়ে প্রথম দেখায় যে কারও মনে হতে পারে এটি কোনো পরিত্যক্ত স্থাপনা। অথচ এটি ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাইলট বেলুন পর্যবেক্ষণাগার, যা দীর্ঘদিন ধরে জনবল সংকট ও আধুনিক সুবিধার অভাবে অবহেলিত অবস্থায় রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এই স্থাপনাটি ১৯৬৫ সালে ঈশ্বরদী বিমানবন্দর এলাকায় প্রায় পাঁচ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। শুরুতে এখানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য একাধিক আবাসিক ভবন ও একটি পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়। তবে দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পুরো এলাকা এখন জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবনগুলোর দরজা-জানালা, এমনকি জানালার গ্রিলও চুরি হয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে, পরিত্যক্ত আবাসিক ভবনগুলো এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। স্থানীয় ও বহিরাগতদের নিয়মিত যাতায়াতে সেখানে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলছে বলেও অভিযোগ রয়েছে।
আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ভারত থেকে আনা অটোমেটিক ওয়েদার স্টেশন (AWAS) স্থাপন করা হলেও সেটি এখনো কার্যকরভাবে চালু করা সম্ভব হয়নি। নির্জন এলাকায় নিরাপত্তার অভাব এবং জনবল সংকটের কারণে দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাদের।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ১৪ জনের অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে মাত্র ৬ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। এতে অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। আবাসিক ভবনগুলো দীর্ঘদিন ধরে বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় সেগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ফলে পুরো এলাকায় এক ধরনের ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান।