দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মারসা পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই কোম্পানির আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর কক্সবাজারগামী বাসটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে দুটি বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহতদের লোহাগাড়া উপজেলার বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে পরবর্তীতে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।