মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেফতার

আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে আহত এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে দিনু মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর মডেল থানার খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিনু মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় একটি সেলুনের কর্মচারী।

এর আগে মঙ্গলবার (৫ মে) সকাল আনুমানিক ১০টার দিকে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী মীম আক্তার (২০) আখাউড়ার আজমপুর এলাকার জহিরুল ইসলামের মেয়ে।

ভুক্তভোগীর অভিযোগ, ব্যবসার জন্য বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তার ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন স্বামী দিনু মিয়া। নির্ধারিত সময়ে টাকা এনে দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে স্বামী তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গাল ও হাতে আঘাত করা হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
মীম আক্তার আরও অভিযোগ করেন, নির্যাতনের একপর্যায়ে শাশুড়ির সহযোগিতায় তার মাথার চুল কেটে দেওয়া হয়।

তিনি বলেন, “আমাকে প্রায়ই যৌতুকের টাকার জন্য চাপ দেওয়া হতো। এবার টাকা দিতে না পারায় তারা আমার ওপর নির্যাতন চালায়। পরে আমাকে অপমান করার জন্য মাথার চুল কেটে দেয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কাটা চুল সঙ্গে নিয়ে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে মাথার কাটা চুল নিয়ে তিনি আখাউড়া থানায় গিয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি দিনু মিয়াকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন