চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

চুয়াডাঙ্গায় তিন কোটি টাকারো বেশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। মোট তিন কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৬ বিজিবির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ১০ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ১.৮৫৭ কেজি হেরোইন, ২৩৮.৭৯ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করে বিজিবি।
এসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি'র যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক একটি বহুমাত্রিক ও জটিল সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। বর্ডার গার্ড ব্যাটালিয়ন মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসময় উপস্থিত ছিলেন, বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, সিভিল সার্জন হাদি জিয়া উদ্দীন,মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, মেহেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ ও চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ২০২৪ সালের ০১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া মালিকবিহীন মাদকদ্রব্যগুলো নষ্ট করা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এসব মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।