মাঠে পড়ে ছিল যুবকের লাশ, গায়ে পেঁচানো বৈদ্যুতিক তার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি ফসলি জমি থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনে মাঠে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত মোস্তাফিজুর রহমান শ্রীরামপুর রাজবাড়ি এলাকার মৃত বাচ্ছু মিয়ার ছেলে। তিনি পাঁচ বছর বয়সী এক সন্তানের জনক। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। তবে বাবার মৃত্যুর পর গত দুই মাস ধরে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন।
নিহতের স্ত্রী আয়েশা আক্তার মিতু জানান, ফজরের আজানের আগে মোস্তাফিজ বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, বাড়ির কাছের একটি মাঠে তার স্বামীর মরদেহ পড়ে আছে।
স্থানীয়দের দাবি, মোস্তাফিজ নেশা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। যে স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে বিচ্ছিন্ন বৈদ্যুতিক তার থাকায় ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধারের সময় তার হাতে বৈদ্যুতিক তার পেঁচানো ছিল এবং হাতের তালুতে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।