চট্টগ্রামে পাঁচ ব্যাংকের গ্রাহকদের সড়ক বিক্ষোভ

চট্টগ্রামে একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। বুধবার (৬ মে) সকাল ১১টা থেকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা এই কর্মসূচি পালন করেন। বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে তাদের জমা রাখা অর্থ আটকে রয়েছে। প্রয়োজনের সময় টাকা তুলতে না পারায় তারা পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম ভোগান্তিতে পড়েছেন। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে অনেকেই কোরবানির প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন বলে জানান তারা।
এ সময় তারা ‘আমার টাকা ফেরত চাই’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রবাস ফেরত এক বিক্ষোভকারী বলেন, দীর্ঘ ২৫ বছর বিদেশে কষ্ট করে উপার্জিত টাকা ব্যাংকে জমা রেখেও এখন তা তুলতে পারছেন না। আংশিক অর্থ ফেরত দেওয়া হলেও পুরো টাকা ফেরতের দাবি জানান তিনি।
আন্দোলনকারীদের দাবি, আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উত্তোলনের সীমাবদ্ধতা তুলে নিতে হবে এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের দ্রুত ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তারা।
উল্লেখ্য, তারল্য সংকট ও অনিয়মের কারণে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় রয়েছে। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকায়ও গ্রাহকরা বিক্ষোভ ও ব্যাংক শাখায় তালা দেওয়ার মতো কর্মসূচি পালন করে আসছেন।
এদিকে, বিক্ষোভ চলাকালে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।