রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা, আহত আরও ২ জন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র হামলায় এআরও গ্রুপের এক নেতা নিহত হয়েছেন এবং আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। নিহত কেফায়েত উল্লাহ, যিনি আব্দুল হালিম নামেও পরিচিত, ক্যাম্প-৭ এর বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৭ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বালুখালী ক্যাম্প-৮ (ইস্ট) থেকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে নিজেদের শেডে ফিরছিলেন। পথে ক্যাম্প-৮ (ইস্ট) এর এ/৩২ পয়েন্ট ও ক্যাম্প-৭ এর মাঝামাঝি তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই হামলাকারীরা দ্রুত সরে পড়ে।
গুলিতে গুরুতর আহত হন কেফায়েত উল্লাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় মোহাম্মদ উল্লাহ (৩৭) ও নুর মোহাম্মদ নামে আরও দুইজন আহত হন। তাদেরও প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং জড়িতদের ধরতে ক্যাম্প এলাকায় অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।