ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার দুই আসামি পলায়ন, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ মাদক মামলার দুই আসামি পালিয়েছেন। তবে স্থানীয়রা হাতকড়াসহ একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এঘটনা ঘটে।
আসামিরা হলেন বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের সিংগারবিল গ্রামের সজল মিয়া (২৮) ও একই গ্রামের শাহীন মিয়া (২৯)। তবে সজলকে বিকেল সাড়ে তিনটার দিকে শহরের নয়নপুরের হাসিনাবাগ এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর থেকে চার কেজি গাঁজাসহ সজল ও শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আজ মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর থানার দুই কনস্টেবল মাদক মামলার দুই আসামিকে নিয়ে একটি গাড়িতে করে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন। সোয়া তিনটার দিকে গাড়িতে আদালত চত্বরে পৌঁছলে গাড়ি থেকে নামানোর সময় দুই আসামি কৌশলে হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে নদীর পাড় দিয়ে দৌঁড়ে পালানোর সময় হাসিনাবাগ এলাকার লোকজন হাতকড়াসহ আসামি সজলকে আটক করে পুলিশে খবর দেন। অপর আসামি পানিতে ঝাপ দিয়ে কুরুলিয়া খাল পাড় হয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সজলকে ডিবি পুলিশের কাছে সোপর্দ করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, দুই আসামিকে গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তার করা হয়।
দুইজন কনস্টেবল আদালত চত্বরে গাড়ি থেকে নামানোর সময় দুই আসামি কৌশলে পালিয়ে যায়। তবে সজলকে আটক করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।