মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

চাঁদপুরে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

চাঁদপুরে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পড়াশোনা নিয়ে মায়ের সামান্য বকুনি যে এভাবে প্রাণ কেড়ে নেবে, তা কল্পনাও করতে পারেনি কিশোরী তানিশার পরিবার। চাঁদপুরের ফরিদগঞ্জে মায়ের ওপর অভিমান করে তানিশা আক্তার (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

​শুক্রবার (১ মে ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালি গ্রামের তালুকদার বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত তানিশা স্থানীয় কাছিয়ারা মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী এবং জামাল তালুকদারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনায় মনযোগী হওয়ার জন্য শুক্রবার বিকেলে তানিশাকে কিছুটা বকাঝকা করেন তার মা। এই শাসন মেনে নিতে না পেরে লোকচক্ষুর আড়ালে ঘরের পাশের একটি আমগাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় কিশোরীটি।

​দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের বাগানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর বাবা জামাল তালুকদার কান্নায় ভেঙে পড়ে জানান, তিনি ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন। এশার নামাজের পর খবর পান মেয়ে নিখোঁজ। বাড়িতে এসে নিজ চোখে মেয়ের নিথর দেহ গাছের সাথে ঝুলতে দেখেন। তিনি আক্ষেপ করে বলেন, পড়াশোনার উন্নতির জন্য মা একটু শাসন করেছিল, সেই অভিমানেই মেয়েটা চিরতরে চলে গেল।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন