লক্ষ্মীপুরে মুক্তিপণ না পেয়ে অটোরিকশা চালককে হত্যা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর রাজিব হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, এক লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা তাকে হত্যা করেছে।
শনিবার (২ মে) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার পর থেকে রাজিব নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। এরই মধ্যে তার ব্যবহৃত অটোরিকশাটি উপজেলার উদমারা এলাকা থেকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে শনিবার দুপুরে স্থানীয়রা ক্যাম্পেরহাট এলাকার একটি বাগানে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং তা রাজিব হোসেনের বলে শনাক্ত করা হয়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে রাজিবকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয় এবং মুক্তির জন্য এক লাখ টাকা দাবি করা হয়। তবে নির্ধারিত অর্থ না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন জানান, “নিখোঁজের পর অটোরিকশাটি উদ্ধার করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”