মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক সুবিধা বাড়াতে তরী বাংলাদেশের নতুন পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক সুবিধা বাড়াতে তরী বাংলাদেশের নতুন পরিকল্পনা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দীর্ঘদিনের যানজট ও গণশৌচাগার সংকট নিরসনে খালপাড় থেকে মসজিদ রোড পর্যন্ত নতুন সংযোগ সড়ক এবং আধুনিক গণশৌচাগার নির্মাণের দাবি জানিয়েছে পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘তরী বাংলাদেশ’।

সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন প্রদান করা হয়। আবেদনে বলা হয়, শহরের গুরুত্বপূর্ণ কোর্ট রোড ও মসজিদ রোড এলাকায় তীব্র যানজটের কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে হিমশিম খেতে হচ্ছে।

এছাড়া শহরের এই ব্যস্ততম এলাকায় আধুনিক কোনো গণশৌচাগার না থাকায় দূর-দূরান্ত থেকে আসা নারী, পুরুষ ও শিশুদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, পৌর শহরের সদর মডেল থানার পূর্ব পাশে টাউন খাল থেকে মসজিদ রোড পর্যন্ত প্রায় ১৫ ফুট প্রশস্ত একটি সরকারি খাল ছিল, যা বর্তমানে ড্রেনে পরিণত হয়েছে। খালের আশপাশে কিছু সরকারি খাস জমিও রয়েছে। এসব জায়গা দখলমুক্ত করে পরিকল্পিতভাবে সড়ক নির্মাণ এবং সংলগ্ন খাস জমিতে আধুনিক ওয়াশ ব্লক বা গণশৌচাগার নির্মাণ করা হলে যানজট ও শৌচাগার সংকট অনেকাংশে নিরসন সম্ভব। এ বিষয়ে পৌর প্রশাসক মো. শরিফুল ইসলাম জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

এ আবেদনের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো হয়েছে।

সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, “২০২৩ সালের শেষ দিকে তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করা হলেও পরবর্তীতে বিভিন্ন কারণে কার্যক্রমের অগ্রগতি হয়নি। আমরা আশা করি, নতুন করে দেওয়া এই আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন