নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তারা ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, কালো রঙের মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা দিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
লোহাগাড়া ফায়ার স্টেশনের সাব-অফিসার ফিরোজ খান বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করি। আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।" নিহতরা সবাই ক্ষুদ্র-নৃগোষ্ঠীর এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।
আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মাইক্রোবাসটি জব্দ করেছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।