চাঁদপুরে জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন, সেই চিকিৎসককে সন্দ্বীপে বদলি

হাসপাতালে চিকিৎসা নিতে এসে সুস্থ হওয়ার বদলে চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে হলো ৫ বছরের এক শিশুকে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসার বদলে এক শিশুকে ভুলবশত জলাতঙ্কের (অ্যান্টি-র্যাবিস) টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। এই চরম দায়িত্বজ্ঞানহীনতার দায়ে অভিযুক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফকে শাস্তিমূলক বদলি করেছে স্বাস্থ্য বিভাগ।
গত ৮ এপ্রিল কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রাম থেকে আসা শিশু আলিফাকে জ্বরের চিকিৎসার জন্য শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার বাবা এমরান হোসেন। অভিযোগ রয়েছে, কর্তব্যরত চিকিৎসক আবু ইউসুফ অন্য এক রোগীর জন্য রাখা কুকুরের কামড়ের ভ্যাকসিনটি অসাবধানতাবশত শিশু আলিফার শরীরে পুশ করেন। বিষয়টি জানাজানি হতেই হাসপাতাল প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয় এবং ভুক্তভোগী পরিবার তীব্র প্রতিবাদ জানায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর শাহরাস্তি প্রেসক্লাবে অভিযোগ জানান স্বজনরা। বিষয়টি গণমাধ্যমে উঠে এলে নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। প্রাথমিক পদক্ষেপ হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান অভিযুক্ত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন এবং জরুরি বিভাগ থেকে প্রত্যাহার করেন। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গত ১৫ এপ্রিল তাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় শাস্তিমূলক বদলি করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ঘটনার পরপরই শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এমন অনাকাঙ্ক্ষিত ভুল যেন ভবিষ্যতে আর না ঘটে, সে লক্ষ্যে হাসপাতালের সেবা ব্যবস্থাপনায় কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।