নোয়াখালীতে মেঘনা পেট্রোলিয়ামের গাড়িসহ বিপুল ডিজেল জব্দ

নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মেঘনা পেট্রোলিয়ামের একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চরমুটুয়ার উদয় সাধুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. রাশেদ (৩৮), গাড়িচালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ডিবির একটি দল খলিফার হাট এলাকায় অবস্থানকালে গোপন তথ্য পায় যে, চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের একটি দোকানে অবৈধভাবে বেশি দামে ডিজেল মজুত করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট চারজনকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ডিজেল ও মেঘনা পেট্রোলিয়ামের গাড়ির উৎস খতিয়ে দেখা হচ্ছে।