মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে প্রাচীন খাল পুনঃখননের দাবিতে সোচ্চার কৃষকরা

লক্ষ্মীপুরে প্রাচীন খাল পুনঃখননের দাবিতে সোচ্চার কৃষকরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিনোদপুর থেকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা রহমত খালী খাল পর্যন্ত একটি প্রাচীন খাল পুনঃখননের দাবি জোরালো হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, মাত্র একটি খাল খনন করা হলে বদলে যেতে পারে হাজারো কৃষকের ভাগ্য এবং বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খালটির অনেক অংশ ভরাট হয়ে গেছে। কোথাও কোথাও এটি সম্পূর্ণ বিলীন হয়ে ফসলি জমিতে পরিণত হয়েছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করে এবং শুষ্ক মৌসুমে সেচের অভাবে চাষাবাদ ব্যাহত হয়।

তাদের দাবি, খালটি পুনঃখনন করা হলে অন্তত এক হাজার একর জমি সেচ সুবিধার আওতায় আসবে। এতে বছরে প্রায় ৭০ হাজার মণ ইরি, আউশ ও আমন ধান উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি প্রায় তিন হাজার একর কৃষিজমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং উপকৃত হবে প্রায় দুই লাখ মানুষ।

খালটির সম্ভাব্য পথ নির্ধারণ করা হয়েছে উত্তর জয়পুর ইউনিয়নের বিনোদপুর দশানি বাড়ি এলাকা থেকে শুরু করে পালপাড়া বাজার, পাঁচপাড়া লাঠিয়ালপুল, বৈচা কুয়ার পুল, দেওপাড়া ও শিবপুরের মধ্যবর্তী মাঠ অতিক্রম করে চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে রহমত খালী খালের সাথে সংযোগ স্থাপন পর্যন্ত।

এই খাল পুনঃখনন বাস্তবায়িত হলে শুধু লক্ষ্মীপুর সদর উপজেলাই নয়, পাশের নোয়াখালীর চাটখিল উপজেলার দক্ষিণাঞ্চলের অন্তত তিনটি ইউনিয়নের মানুষও জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জসহ একাধিক ইউনিয়নের বহু গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবে।

স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত পানি সম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

এ বিষয়ে এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হয়েছেন। তারা মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত খালটি পুনঃখননের দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, যথাযথ উদ্যোগ নেওয়া হলে এই খালটি শুধু একটি পানি প্রবাহের পথ নয়, বরং এ অঞ্চলের কৃষি, অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নয়নের অন্যতম ভিত্তি হয়ে উঠতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন