মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দাউদকান্দিতে ট্রাক দুর্ঘটনায় নিহত ৭, হাসপাতালে আহতরা

দাউদকান্দিতে ট্রাক দুর্ঘটনায় নিহত ৭, হাসপাতালে আহতরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালবোঝাই একটি ট্রাক উল্টে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), বিরামপুর উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই এলাকার বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) এবং রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া চালবোঝাই ট্রাকটি ভোররাতে হাসানপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং আহত হন আরও ছয়জন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ওসি ইকবাল বাহার জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন জানান, চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতরা সবাই ট্রাকের ওপর অবস্থান করছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন