মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্যের মৃত্যু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় ছেলেসহ তিনজনকে কুপিয়ে নিজেই ছাদ থেকে লাফ দিয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

সোমবার (১৩ এপ্রিল) সকালে পেশকার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাছির আহমদ (৫৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ট্রাফিক পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন শেষে গত বছর আগস্টে অবসরে যান। প্রায় সাত বছর ধরে তিনি পরিবারসহ লক্ষ্মীপুর শহরের ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে বাসায় নাছির ও তার কলেজপড়ুয়া ছেলে ইমরান আহমদ অবস্থান করছিলেন। রাতের কোনো একসময় অসুস্থ হয়ে পড়লে ছেলে তাকে ওষুধ খাইয়ে দেয়। তবে সকালে হঠাৎ করেই নাছির ঘুমন্ত ছেলের ওপর দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে গুরুতর আহত হয়ে ইমরান রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বেরিয়ে আসে।

এ সময় প্রতিবেশী মিজানুর রহমান স্বপন আহত ইমরানকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে আহত করেন নাছির। পরে আরও এক ব্যক্তি নাছির (ভাড়াটিয়া) তাদের রক্ষা করতে গেলে তিনিও হামলার শিকার হন।

একপর্যায়ে অভিযুক্ত নাছির উলঙ্গ অবস্থায় বাসা থেকে বের হয়ে যান এবং পরে তিনতলা ভবনের ছাদ থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় নাছির আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত ইমরান ও স্বপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত নাছির সদর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন