মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সাতক্ষীরায় ১২০০ লিটার ডিজেল জব্দ, চেয়ারম্যানকে অর্থদণ্ড

সাতক্ষীরায় ১২০০ লিটার ডিজেল জব্দ, চেয়ারম্যানকে অর্থদণ্ড
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাতক্ষীরার কালিগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে প্রায় ১২০০ লিটার ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপুর নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে সাতক্ষীরা আর্মি ক্যাম্প, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে প্রায় ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ডিজেল থানায় জমা দেওয়া হয়।

অভিযানের সময় চেয়ারম্যান ফেরদৌস মোড়ল দাবি করেন, তার চিংড়ি ঘের ও ভেকু মেশিন চালানোর প্রয়োজনে এসব তেল মজুত রাখা হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন।

অভিযান শেষে তিনি ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুত করবেন না মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন