অচেনা অ্যাপে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব

চাঁদপুরে অচেনা একটি মোবাইল অ্যাপ ইনস্টল করার পর প্রতারণার শিকার হয়ে প্রায় অর্ধলাখ টাকা হারিয়েছেন এক ব্যক্তি। অসতর্কতাবশত সন্দেহজনক অ্যাপ ডাউনলোডের পর তার মোবাইল ও আর্থিক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বলে জানা গেছে।
ভুক্তভোগী প্রদ্যুৎ কুমার আচার্য (৪৯) শহরের পুরানবাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় জ্যোতিষশাস্ত্রের গবেষক ও সনাতনী পুরোহিত।
তিনি জানান, শুক্রবার (১০ এপ্রিল) মোবাইল ব্যবহারের সময় হঠাৎ একটি অচেনা অ্যাপ ইনস্টল করেন। এরপরই তার মোবাইল ফোন হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় এক টেকনিশিয়ানের সহায়তায় ফোন চালু করার পর তিনি জানতে পারেন, তার ডিভাইসটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে।
ভুক্তভোগীর অভিযোগ, তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৫০০ টাকা এবং সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপ থেকে আরও প্রায় ৩০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যেসব নম্বরে টাকা পাঠানো হয়েছে, সেগুলোর তথ্য তার মোবাইলের বার্তায় সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় তিনি চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহম্মেদ জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।
ঘটনার পর চরম হতাশা প্রকাশ করে প্রদ্যুৎ কুমার আচার্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে বিশেষজ্ঞরা অচেনা অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকার এবং মোবাইল নিরাপত্তায় সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।