লক্ষ্মীপুরে জাতীয় ‘‘বিজ্ঞান ও প্রযুক্তি’’ সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলায় “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ০২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর-এর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ক্যাথোয়াইপ্রু মারমা।
বিজ্ঞান মেলায় সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসা, দ্বিতীয় স্থান লাভ করে অক্সফোর্ড মডেল কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ। অপরদিকে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসা এবং তৃতীয় স্থান লাভ করে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
১০ম বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের ফাতেমা তুজ জোহরা। একই কলেজের তাহফিজ মাখদুম সামিত দ্বিতীয়, লামিয়া সালসাবীল তৃতীয়, সিরাজুম মুনিরা চতুর্থ এবং তাহিয়া তাবাসসুম ফায়েজা পঞ্চম স্থান অর্জন করেন।
জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সায়মা তানজিম। দ্বিতীয় স্থান লাভ করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ফাতিন আখইয়ার, তৃতীয় স্থান অর্জন করেন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আরিবা ইসলাম। এছাড়া চতুর্থ স্থান অর্জন করেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মো. ইমরান মাহাদি এবং পঞ্চম স্থান অর্জন করেন পৌর শহীদ স্মৃতি একাডেমীর রাউফ ইয়াসার রাহিক।
এদিকে ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে পৌর শহীদ স্মৃতি একাডেমী।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।