ঈশ্বরগঞ্জে জমি নিয়ে উত্তেজনা, নিয়ন্ত্রণে ১৪৪ ধারা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া মৌজায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত ১৪৪ ধারা জারি করেছে।
জানা গেছে, জাটিয়া মৌজার বিআরএস খতিয়ান নং ৪৪ ও হাল দাগ নং ৩০৯৩-এর মোট ৫ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় প্রথম পক্ষের আজিদা খাতুন বাদী হয়ে গত ৬ এপ্রিল (মামলা নং: ঈশ্বরগঞ্জ-৫১৮) মামলা দায়ের করেন।
পরিস্থিতির অবনতির আশঙ্কায় একই দিন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত একটি নোটিশ জারি করে। এতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ, দখল গ্রহণ কিংবা কোনো ধরনের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি)কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন।
নোটিশে আরও বলা হয়, দ্বিতীয় পক্ষকে আগামী ১০ মে ২০২৬ তারিখে আদালতে হাজির হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জেরে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আদালতের এই নির্দেশনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সক্রিয় রয়েছে।