মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সহজ রেসিপিতে ক্রিমি নারিকেল আইসক্রিম

সহজ রেসিপিতে ক্রিমি নারিকেল আইসক্রিম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টানা তাপদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন এক টুকরো ঠান্ডা আইসক্রিম এনে দিতে পারে অনাবিল প্রশান্তি। বাজারচলতি কৃত্রিম রঙ আর ফ্লেভারযুক্ত আইসক্রিমের ভিড়ে এখন স্বাস্থ্য সচেতন মানুষ ঝুঁকছেন ঘরোয়া খাবারের দিকে। কচি নারিকেল বা ডাবের শাঁস দিয়ে তৈরি আইসক্রিম কেবল স্বাদেই অনন্য নয়, এটি শরীরে এনে দেয় প্রশান্তি। মাত্র কয়েকটি উপকরণে খুব অল্প সময়ে কীভাবে এই রাজকীয় স্বাদের আইসক্রিমটি বানাবেন, তা নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন।

প্রয়োজনীয় উপকরণ

  • কচি নারিকেল: ১ কাপ (ব্লেন্ড করা)

  • তরল দুধ: ২ কাপ (ঘন করা)

  • চিনি: ১/৩ কাপ (স্বাদমতো)

  • কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ

  • নারিকেল কুচি: সামান্য (সাজানোর জন্য)


প্রস্তুত প্রণালী:

১. প্রথমে কচি নারিকেলের শাঁস বা ডাবের নরম শাঁস নিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন।

২. চুলায় একটি পাত্রে ২ কাপ তরল দুধ জ্বাল দিতে থাকুন। দুধ কিছুটা গরম হয়ে এলে তাতে চিনি দিয়ে দিন। চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

৩. চিনি গলে গেলে ব্লেন্ড করে রাখা নারিকেলের পেস্টটি দুধের সাথে মিশিয়ে দিন। এরপর একটি ছোট বাটিতে ২ টেবিল চামচ পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে মিশ্রণটিতে ঢেলে দিন। এটি আইসক্রিমের টেক্সচারকে ঘন ও ক্রিমি করতে সাহায্য করবে।

৪. মিশ্রণটি ভালো করে ফুটে উঠলে এবং ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। এবার রুম টেম্পারেচারে রেখে মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হতে দিন।

৫. ঠান্ডা হওয়া মিশ্রণটি আইসক্রিমের মোল্ডে ঢেলে দিন। প্রতিটি মোল্ডের ওপর সামান্য নারিকেল কুচি ছড়িয়ে দিন যাতে খাওয়ার সময় মুখে নারিকেলের টুকরো পড়ে। এবার ডিপ ফ্রিজে ৮-১০ ঘণ্টা রেখে দিন। পুরোপুরি জমে গেলে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

বিশেষ টিপস:

আইসক্রিমটি আরও বেশি ক্রিমি করতে চাইলে রান্নার সময় সামান্য ফ্রেশ ক্রিম বা গুঁড়ো দুধ যোগ করতে পারেন। কচি নারিকেলের পরিবর্তে কোরানো নারিকেলও ব্যবহার করা যায়, তবে কচি নারিকেলেই এর আসল স্বাদ পাওয়া যায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ