নবীনগরে নার্গিছ আক্তারের বিরুদ্ধে সচেতনতা মূলক মানববন্ধন

নবীনগর উপজেলার পশ্চিম পাড়ায় নার্গিছ আক্তারের বিরুদ্ধে মাদক বিক্রি ও দেহ ব্যবসার অভিযোগ তুলে তার গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে রেখা আক্তার অভিযোগ করেন, আয়েশা-আমজাদ পল্লীতে চাচাতো ভাইয়ের বাড়িতে বসবাস করে নার্গিছ আক্তার দীর্ঘদিন ধরে মাদক ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দ্রুত তার গ্রেফতার দাবি করেন।
মাহমুদা বেগম বলেন, “আমরা তার অত্যাচারে অতিষ্ঠ। সে এলাকার কাউকে তোয়াক্কা করে না এবং তার কর্মকাণ্ডে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।”
খাদিজা বেগম অভিযোগ করেন, নার্গিছ আক্তারকে তার নিজ এলাকা লাউরফতেহপুর ইউনিয়নের বাড়ীখলা গ্রাম থেকে অপকর্মের কারণে উচ্ছেদ করা হয়। পরবর্তীতে কাঁঠালিয়া গ্রাম থেকেও বিতাড়িত হয়ে তিনি পশ্চিম পাড়ায় এসে একই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, “এলাকার উঠতি বয়সের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।”
এ সময় মানববন্ধনে মাসুমা, পারভিন, শিলা আক্তার, জোবেদাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নার্গিছ আক্তার। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। মূলত টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে তাদের সঙ্গে বিরোধের জেরে এসব অপপ্রচার চালানো হচ্ছে।”