লক্ষ্মীপুরে ইয়াবা, বিদেশি মদ ও পাইপগানসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও একটি দেশীয় পাইপগানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে উপজেলার ৪ নম্বর চররুহিতা ইউনিয়ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চর লামছি গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৪৭) এবং পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেন শাহীন (৩১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চররুহিতা ইউনিয়নে ঝটিকা অভিযান চালায় ডিএনসির একটি দল। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ দশমিক ৮৫০ লিটার বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান (এলজি) ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সদর থানা পুলিশ জানায়, ডিএনসির দায়ের করা মামলার পর আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।