লক্ষ্মীপুরে পেট্রোল পাম্পে তালা, ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা

লক্ষ্মীপুরে জনতা ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই পাম্প বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শতাধিক মোটরসাইকেল আরোহী। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা শহরের দক্ষিণ তেহমুনী এলাকায় অবস্থিত জনতা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস। তবে পাম্প কর্তৃপক্ষকে না পেয়ে তারা ফিরে যান।
ভুক্তভোগী মোটরসাইকেল আরোহীরা জানান, দীর্ঘদিন ধরে ওই পাম্পে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ ছিল। হঠাৎ রোববার দিনে তেল বিক্রি শুরু হলেও সন্ধ্যা ও রাতে তেল দেওয়া হয়নি। পরে পাম্পের ম্যানেজার মো. রাসেলসহ কর্মচারীরা জানিয়ে দেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে তেল দেওয়া হবে।
এ ঘোষণার পর সোমবার সকাল ৯টা থেকে অনেক মোটরসাইকেল আরোহী পাম্পে অপেক্ষা করতে থাকেন। কিন্তু সকাল ১০টার পর হঠাৎ পাম্পের অফিস কক্ষে তালা ঝুলিয়ে কর্তৃপক্ষ সেখান থেকে চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অপেক্ষমাণ চালকরা।
তারা অভিযোগ করেন, বারবার এ ধরনের অনিয়মের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। প্রয়োজনীয় সময়ে তেল না পেয়ে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।
মেসার্স জনতা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম ও ম্যানেজার মো. রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “অভিযোগ পেয়ে আমরা পাম্প পরিদর্শনে যাই। কিন্তু সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। সেখানে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে বলা হয়েছে—পাম্প কর্তৃপক্ষ এলে যেন দ্রুত আমাদের জানানো হয়।”
এ ঘটনায় ভোক্তা অধিকার ও প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।