মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে তেল বাণিজ্যে কঠোরতা: প্রতিটি পাম্পে প্রশাসনের নজরদারি

লক্ষ্মীপুরে তেল বাণিজ্যে কঠোরতা: প্রতিটি পাম্পে প্রশাসনের নজরদারি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় ও তেল পরিমাপে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এসব অনিয়ম রোধে এবার সরাসরি মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে উপজেলার ৯টি ফিলিং স্টেশনে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতিদিন নির্ধারিত মূল্য অনুযায়ী তেল বিক্রি হচ্ছে কিনা এবং পরিমাপে কোনো অনিয়ম হচ্ছে কিনা তা সরেজমিনে তদারকি করবেন।

নজরদারির আওতায় থাকা ফিলিং স্টেশনগুলোর মধ্যে রয়েছে—ধরনী ফিলিং স্টেশন (ঢাকা-রায়পুর সড়ক), মোল্লাসন হক ফিলিং স্টেশন (উত্তর তেমুহনী), সিমা পেট্রোল পাম্প (হাজিরপাড়া), জনতা অটো মোবাইল (মেইন রোড), এমএইচ ফিলিং স্টেশন (মজুচৌধুরীরহাট), আলী ফিলিং স্টেশন (চকবাজার), ফিরোজ আলম পেট্রোল পাম্প (দক্ষিণ মজুচৌধুরীরহাট), রোকেয়া ফিলিং স্টেশন (দত্তপাড়া) এবং নুরুল ও হোসেন ফিলিং স্টেশন (মান্দারী)।

প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, কোনো স্টেশনে অতিরিক্ত মূল্য আদায়, কম তেল সরবরাহ বা অন্য কোনো অনিয়ম প্রমাণিত হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল নিয়ে ভোক্তাদের অভিযোগ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি এবং মাপে কম দেওয়ার ঘটনা নিয়মিত ঘটছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, অনেক সময় বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে তেল কিনতে হয়েছে। প্রতিবাদ করলে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “অনেকদিন ধরেই বেশি দামে তেল কিনতে হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়ন হলে সাধারণ মানুষ উপকৃত হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষা করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসাররা নিয়মিতভাবে তাদের নির্ধারিত ফিলিং স্টেশনগুলোতে তদারকি কার্যক্রম চালিয়ে যাবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন