লক্ষ্মীপুর বণিক সমিতিতে ব্যবসায়ীদের ক্ষোভ

লক্ষ্মীপুর বণিক সমিতিতে প্রায় ১৪ বছর ধরে কোনো নির্বাচন না হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১২ সালের পর আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
জানা গেছে, সর্বশেষ ২০১২ সালে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী ২০১৫ সালে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আর আয়োজন করা হয়নি। এরপর থেকে দীর্ঘ সময় ধরে দায়িত্বভার ও পদাধিকারভিত্তিক ব্যবস্থাপনায় সমিতির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
নির্বাচিত কমিটি দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় তৎকালীন সভাপতি জহিরুল ইসলামের মৃত্যু হলে সদস্যদের সম্মতিক্রমে সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ পদাধিকারবলে সভাপতির দায়িত্ব পালন করছেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সমিতির কার্যক্রমে জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ ব্যাহত হচ্ছে।
রেস্টুরেন্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন মোহন বলেন, “দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না। দ্রুত নির্বাচন দিয়ে নতুন নেতৃত্বের সুযোগ তৈরি করা উচিত।”
মোবাইল ব্যবসায়ী ফয়েজ আহমেদ বলেন, “নির্বাচন হলে ব্যবসায়ীরা তাদের প্রতিনিধি বেছে নিতে পারতেন। সমিতির হিসাব-নিকাশ সম্পর্কেও আমরা পরিষ্কার কোনো ধারণা পাই না। বছরের পর বছর সিলেকশন কমিটির মাধ্যমে কার্যক্রম চলছে।”
এ বিষয়ে বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, “বিগত সময়ে রাজনৈতিক পরিস্থিতি, করোনা মহামারি এবং প্রশাসনিক কিছু জটিলতার কারণে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। জেলা প্রশাসনের সঙ্গে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ও ছিল।
এছাড়া সাবেক সভাপতি সালাহ উদ্দিন টিপুর প্রভাবের কারণেও নির্বাচন দীর্ঘায়িত হয়েছে। তবে ঈদের পর সাধারণ সভা করে নির্বাচনের ঘোষণা দেওয়া হতে পারে।”
সাধারণত বণিক সমিতি বাজারের ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে। বাজারের নিরাপত্তা, স্যানিটেশন, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়ন তদারকি এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও আর্থিক সহায়তা প্রদান এই সংগঠনের প্রধান দায়িত্ব।
ব্যবসায়ীরা মনে করছেন, নিয়মিত নির্বাচন হলে নেতৃত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তাই প্রশাসনের সহযোগিতায় দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তনের বিষয় নয়; বরং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।